Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের মধ্যেই তদন্ত কর্মকর্তা বদলি - Chief TV

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের মধ্যেই তদন্ত কর্মকর্তা বদলি - Chief TV

2026-08-16  ডেস্ক রিপোর্ট  52 views
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের মধ্যেই তদন্ত কর্মকর্তা বদলি - Chief TV

চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পরদিনই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলি করা হয়েছে। রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা বদলির ঘটনায় মামলার তদন্ত নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

গত ১২ আগস্ট চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরদিন ১৩ আগস্ট জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসআই আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলির আদেশ দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে এসআই আলাউদ্দিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শিগগিরই মামলাটির জন্য নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

তবে এসআই আলাউদ্দিন দাবি করেছেন, প্রশাসনিক কারণে নয়, ‘জনস্বার্থে’ তাকে বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ আসামির রিমান্ড চলাকালে বদলি প্রসঙ্গে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

মামলার তদন্তভার হস্তান্তর নিয়েও পুলিশের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথমে জানান, ডিবির অভিজ্ঞতা বেশি হওয়ায় তিন দিন আগেই মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। পরে রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রিমান্ড শেষ না হওয়া পর্যন্ত এসআই আলাউদ্দিনই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন। নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও মামলাটি হাটহাজারী থানাতেই থাকবে।

এদিকে মামলার বাদী জসিম উদ্দিনও তদন্ত কর্মকর্তা বদলি কিংবা মামলাটি ডিবিতে হস্তান্তরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, নিরাপত্তার স্বার্থে ডেভিড ইমনকে জেলা ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৬ আগস্ট) তার রিমান্ড শেষ হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের একটি নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে জসিম উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরবর্তী সময়ে মামলায় মো. আসিফ ও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন। গত ২ আগস্ট আদালত ডেভিড ইমনকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ জুলাই ভারতের সীমান্ত দিয়ে পালানোর সময় যশোর থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে এনে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ এবং তার দলের কাছে ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

 


Share: