Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে কিশোর গ্যাং সংঘর্ষে আহত ১০, একজন সংকটাপন্ন - Chief TV

সৈয়দপুরে কিশোর গ্যাং সংঘর্ষে আহত ১০, একজন সংকটাপন্ন - Chief TV

2026-08-29  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  99 views
সৈয়দপুরে কিশোর গ্যাং সংঘর্ষে আহত ১০, একজন সংকটাপন্ন - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের মিস্ত্রিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকেই মিস্ত্রিপাড়ার শাখাওয়াত তালাও ও নবীনগর এলাকার দুই কিশোর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানে শনিবার বৈঠকের কথা থাকলেও তার আগেই দুপুরে সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয়দের অভিযোগ, নবীনগর এলাকার রাজা নামে এক তরুণ মিস্ত্রিপাড়া মোড়ে গেলে প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন সদস্য তাকে ঘিরে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর নবীনগর এলাকার একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষ এলাকায় অবস্থান নেয়। পরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় নারী-পুরুষসহ আরও কয়েকজন আহত হন। সংঘর্ষের ঘটনায় মিস্ত্রিপাড়া মোড়ের আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সংঘর্ষে জড়িতদের হামলায় নিরীহ মানুষও আক্রান্ত হয়েছেন। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ তুলে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ বলেন, ঘটনার পেছনে একাধিক ঘটনার সূত্র থাকতে পারে। এর আগে এক পক্ষের একজনকে মারধরের ঘটনার জের ধরেই পাল্টা উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: