Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার - Chief TV

সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার - Chief TV

2026-09-04  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  48 views
সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

স্থানীয়রা জানান, ডাঙ্গাপাড়ার আশির উদ্দিন শাহের পুকুরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যান স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল। এ সময় তানভিরের পায়ে পানির নিচে থাকা গ্রেনেডটি লাগে। পরে তাঁরা সেটি পুকুরের পাড়ে তুলে এনে নিরাপদ দূরত্বে রেখে পুলিশকে খবর দেন।

পরে র‍্যাবকে বিষয়টি জানানো হলে শুক্রবার বিকেলে র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর একটি দল ঘটনাস্থলে যায় এবং গ্রেনেডটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী র‍্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।

গ্রেনেডটি সক্রিয় বলে শনাক্ত হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে দলটি গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ করছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি প্রথমে সৈয়দপুর থানাকে জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। পরে তাঁরা র‍্যাবকে খবর দেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় সতর্কতা জারি রয়েছে।


Share: