সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে ওঠা রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে রোববার (১৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে হোটেলটির স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মূল সড়ক ও ফুটপাতের একটি অংশ দখল করে অস্থায়ী কাঠামোতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্নের পাশাপাশি এলাকায় যানজটও সৃষ্টি হচ্ছিল।
এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
স্বল্পমূল্যে খাবার বিক্রি ও খাবার পরিবেশনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত পরিচিতি পায় ‘মিজানের ভাতের হোটেল’। কম দামের খাবারের কারণে জনপ্রিয়তা পেলেও ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এবার উচ্ছেদ করা হলো হোটেলটির স্থাপনা।