Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / ভোট দিয়েছেন স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা -

ভোট দিয়েছেন স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা -

2026-08-20  ডেস্ক রিপোর্ট  32 views
ভোট দিয়েছেন স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা -

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও ভোট দেন। সংসদ সদস্যরা সারিবদ্ধভাবে ভোট দিয়ে নির্ধারিত বাক্সে ব্যালট জমা দিচ্ছেন।

ভোটগ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি ও নির্বাচনী বিধিমালা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ ও রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ অনুযায়ী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সিইসি জানান, রাষ্ট্রপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যালট পেপারে প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে উল্লেখ রয়েছে। ভোটারকে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। এরপর ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। পরে সরকারি গেজেটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংসদ সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা করছেন।


Share: