Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / আবু বকরকে আদর্শ স্বামী বলছেন দর্শক, তাঁর ‘সমস্যা’ জানালেন তিনি - Chief TV

আবু বকরকে আদর্শ স্বামী বলছেন দর্শক, তাঁর ‘সমস্যা’ জানালেন তিনি - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  27 views
আবু বকরকে আদর্শ স্বামী বলছেন দর্শক, তাঁর ‘সমস্যা’ জানালেন তিনি - Chief TV

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রটি। বিশেষ করে নারী দর্শকদের অনেকে চরিত্রটির প্রশংসা করছেন। কারও কারও কাছে আবু বকর আদর্শ স্বামী। কেউ কেউ বাস্তব জীবনেও এমন জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। চরিত্রটিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রের নানা দিক তুলে ধরেছেন শেহরিয়ার। তাঁর মতে, আবু বকরের বড় সমস্যা হলো, সে সবাইকে খুশি রাখতে চায়। কাউকে ‘না’ বলতেও তার অসুবিধা হয়।

চরিত্রটির সঙ্গে নিজের মিল খুঁজে পান শেহরিয়ারও। তিনি বলেন, অনেক সময় তিনিও অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন না। এ ছাড়া আবু বকরের মধ্যে রয়েছে ‘সেভিয়ার কমপ্লেক্স’। অর্থাৎ, অন্যদের সমস্যা সমাধান করা কিংবা তাদের রক্ষা করার অতিরিক্ত প্রবণতা।

আবু বকরের এমন আচরণের পেছনে মায়ের ভূমিকার কথাও উল্লেখ করেন অভিনেতা। তাঁর ভাষ্য, ছোটবেলা থেকেই আবু বকরের মা তাকে নির্দিষ্ট কিছু মূল্যবোধ শিখিয়েছেন। কোনটি ঠিক আর কোনটি ভুল, তা বুঝিয়েছেন সব সময়। ফলে সব ক্ষেত্রে সঠিক কাজটি করার চাপ তার মধ্যে কাজ করে। শেহরিয়ারের কথায়, ‘একবার ভাবুন, এই মানুষকে কতটা চাপ নিয়ে বাঁচতে হয়।’

সাক্ষাৎকারে আবু বকরের প্রেম নিয়েও কথা বলেন শেহরিয়ার। তাঁর ব্যাখ্যা, জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। মায়ের সঙ্গে জারিয়াবের বাড়িতে যাতায়াতের সময় থেকেই মেয়েটির প্রতি আগ্রহ ছিল তার। তবে সেই অনুভূতির কথা প্রকাশ না করে আড়াল থেকেই জারিয়াবকে দেখত আবু বকর।

জারিয়াব ও আবু বকরের ব্যক্তিত্বেও রয়েছে পার্থক্য। বিপরীত স্বভাবের এই দুই মানুষের মধ্যে সম্পর্কের সম্ভাবনা তৈরি হওয়ায় আবু বকর দ্বিধায় ছিল। তার মনে হতো, মন যা চাইছে, বাস্তবতা হয়তো সেই পথে এগোতে দেবে না।

দর্শকের কাছে আবু বকরের ভালো লাগার বিষয়টি স্পষ্ট করতে বিভিন্ন দৃশ্যে ইঙ্গিত রেখেছিলেন শেহরিয়ার। একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি জানান, দুপুরের খাবার খেতে গিয়ে আবু বকর একবার জারিয়াবকে বলেছিল, ‘তুমি পাস্তা পছন্দ করো, তা-ই না?’ জারিয়াব জানতে চেয়েছিল, সে কীভাবে জানল। জবাবে আবু বকর বলেছিল, ‘কিশওয়ার খালা একবার বলেছিলেন।’

শেহরিয়ারের মতে, কাউকে ভালো না লাগলে তার পছন্দের খাবারের কথা এভাবে মনে রাখার কথা নয়। তিনি বলেন, ‘আমি এমন অনেক ইঙ্গিত ছড়িয়ে দিয়েছি।’

ধারাবাহিকটি প্রচারের পর থেকেই আবু বকরকে নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। চরিত্রটির অতিরিক্ত ভালো মানুষি অনেকের কাছে অবাস্তব মনে হলেও অভিনেত্রী নাদিয়া আফগান এর আগে চরিত্রটির পক্ষ নিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর স্বামীর মধ্যেও আবু বকরের মতো কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাই চরিত্রটির আচরণ তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।


Share: