নাট্যদল শৌখিন থিয়েটারের নতুন প্রযোজনা ‘পালিয়ে বেড়ায়’ মঞ্চে আসছে আগামী ১০ নভেম্বর। মনোজ মিত্র রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। এটি দলটির ১২তম প্রযোজনা। ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘পালিয়ে বেড়ায়’ নাটকে মানুষের মনস্তত্ত্ব, পলায়নপর মানসিকতা, শিকড়হীন জীবন এবং বাস্তবতার সঙ্গে মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র রূপচাঁদ একজন ভবঘুরে ও শিকড়ছেঁড়া মানুষ। সমাজ ও সংসারের চোখে তিনি অপদার্থ। জীবনের নির্দিষ্ট কোনো গন্তব্য কিংবা কোথাও স্থায়ীভাবে থিতু হওয়ার আকাঙ্ক্ষা নেই তাঁর। দায়িত্ব, কর্তব্য ও সম্পর্কের জটিলতার মুখোমুখি হওয়ার বদলে বারবার পালিয়ে যাওয়ার পথ বেছে নেন তিনি।
রূপচাঁদের এই পালিয়ে বেড়ানো কেবল স্থান পরিবর্তনের বিষয় নয়; এর মধ্য দিয়ে প্রকাশ পায় তাঁর ভীতি, দ্বিধা, অসহায়ত্ব এবং বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা। জীবনের বিভিন্ন পর্যায়ে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর পরিচয় ও মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসে মানুষের জীবনসংগ্রাম, স্বার্থপরতা, মানবিকতা, সম্পর্কের টানাপোড়েন ও অস্তিত্বের সংকট।
নাটকটির নির্দেশক হামিদুর রহমান পাপ্পু বলেন, মনোজ মিত্রের রচনায় প্রান্তিক মানুষের জীবন, ব্যক্তিমানুষের মনস্তত্ত্ব এবং সমাজের নানা অসংগতি প্রতিফলিত হয়েছে। ১৯৯৯ সালে প্রকাশিত তাঁর নাট্যরচনাগুলোর অন্যতম ‘পালিয়ে বেড়ায়’। এ নাটকে রূপচাঁদের বিচিত্র জীবনযাত্রার আড়ালে মানুষের চিরন্তন মনস্তাত্ত্বিক সংকট এবং বাস্তবতা থেকে পালানোর প্রবণতা তুলে ধরা হয়েছে।
নির্দেশকের ভাষায়, রূপচাঁদের পালিয়ে বেড়ানো শেষ পর্যন্ত শুধু একজন মানুষের গল্প নয়; বরং জীবনের দায় ও বাস্তবতার মুখোমুখি হতে দ্বিধাগ্রস্ত প্রতিটি মানুষের প্রতীকী আখ্যান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপু মাহমুদ, জাবেদ হামিদ, জয়া আহমেদ, রায়হান হোসেন, রাশিদুল হাসান লিটন, বর্ষা ঘোষ, আশরাফুল ইসলাম নয়ন, আজমিরা কান্তা, ফারহানা হামিদ ও হামিদুর রহমান পাপ্পুসহ অনেকে।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন ফজলে রাব্বি সুকর্ণ। পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শুভাশীষ দত্ত তন্ময় এবং সংগীত পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে রয়েছেন মো. আলমগীর।