Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান - Chief TV

আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  65 views
আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান - Chief TV

ছুটি কাটাতে নেপালে গিয়ে বন্যা ও পাহাড়ধসের কারণে বিপাকে পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ফেরার সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই দিন ধরে নেপালের পর্যটন এলাকা ঘান্দ্রুকে সফরসঙ্গীদের নিয়ে আটকা রয়েছেন তিনি।

গত ২০ আগস্ট অবসর কাটাতে নেপালে যান তাসরিফ। মঙ্গলবার তারা গণ্ডকী প্রদেশের কাস্কি জেলার ঘান্দ্রুক গ্রামে পৌঁছান। পরদিন সেখান থেকে ফেরার পরিকল্পনা থাকলেও মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি-ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সম্ভব হয়নি।

তাসরিফ জানান, ঘান্দ্রুক অন্নপূর্ণ অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত একটি পর্যটন এলাকা। সেখানে বড় ধরনের প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ চোখে না পড়লেও বন্যা ও ভূমিধসে ফেরার সড়কের একাধিক অংশ ধসে গেছে। কোথাও কোথাও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন ওই পথে চলাচল বন্ধ রেখেছে।

তিনি জানান, বুধবার ঘান্দ্রুক থেকে বের হওয়ার কথা ছিল তাদের। তবে কিছুটা দেরি হওয়ায় গাইড ওই দিন আর যাত্রা না করার পরামর্শ দেন। পরে তারা জানতে পারেন, ফেরার পথে সড়কের বেশ কয়েকটি অংশ ধসে পড়েছে। সময়মতো বের হলে তারা বিপদের মধ্যে পড়তে পারতেন বলেও জানান তাসরিফ।

বর্তমানে তাদের গাইড বিকল্প পথের সন্ধান করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। গাইড ফিরে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় আরও দুই থেকে তিন দিন ঘান্দ্রুকে অবস্থান করতে হতে পারে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

দেশে ফেরার অনিশ্চয়তার পাশাপাশি অর্থসংকটেও পড়েছেন তাসরিফ ও তার সফরসঙ্গীরা। তার কাছে অল্প কিছু নেপালি রুপি ও প্রায় ১০০ মার্কিন ডলার রয়েছে। কার্ড বা ডিজিটাল লেনদেনের সুযোগ সীমিত হওয়ায় নগদ অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। এর মধ্যে নতুন করে দেশে ফেরার টিকিটও পাওয়া যাচ্ছে না।

সড়কপথ ব্যবহার করা সম্ভব না হলে নদীর পাশ দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা হেঁটে যাওয়ার একটি বিকল্প রয়েছে। তবে বন্যা ও ভূমিধসের পরিস্থিতিতে পাহাড়ি পথে এমন যাত্রাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তাসরিফ। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি।

টানা কাজের পর কয়েক দিনের অবসর কাটাতেই নেপালে গিয়েছিলেন তাসরিফ। সম্প্রতি তার রোমান্টিক ঘরানার গান ‘বৃষ্টি’ প্রকাশ পেয়েছে। দেশে ফিরে রক ঘরানার নতুন গান ‘জীবনের চাকা’র মিউজিক ভিডিও ধারণের পরিকল্পনাও ছিল তার। তবে নেপালে আটকা পড়ার পর আপাতত সব পরিকল্পনার চেয়ে নিরাপদে দেশে ফেরাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

তাসরিফ বলেন, তার এখন একমাত্র চাওয়া নিরাপদে দেশে ফেরা। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


Share: