ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের প্রধান সীমান্ত পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে ফিরিয়ে দেয়।
বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।