Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / বিমানবন্দরের ডকিং পোলে ধাক্কা দিল ইন্ডিগোর ফ্লাইট - Chief TV

বিমানবন্দরের ডকিং পোলে ধাক্কা দিল ইন্ডিগোর ফ্লাইট - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  39 views
বিমানবন্দরের ডকিং পোলে ধাক্কা দিল ইন্ডিগোর ফ্লাইট - Chief TV

ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে পার্কিং করার সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের একটি খুঁটিতে ধাক্কা দিয়েছে ইন্ডিগোর একটি বিমান। তবে এ ঘটনায় বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২ মিনিটের দিকে নভি মুম্বাই থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট শ্রীনগর বিমানবন্দরের ৬ নম্বর বে-তে পার্ক করার সময় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নভি মুম্বাই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ ফ্লাইটটি পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের (ভিডিজিএস) একটি ধাতব খুঁটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে বিমানের ধাক্কায় খুঁটিটি একদিকে বেঁকে যেতে দেখা গেছে।

বিমানটির নিবন্ধন নম্বর ছিল ভিটি-এনওজি। ঘটনার পর যাত্রী ও ক্রু সদস্যদের ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এতে কেউ আহত হননি বলে জানিয়েছে ইন্ডিগো।

এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, ঘটনার বিস্তারিত এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে তা নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

এদিকে এ ঘটনার পরও শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান ওঠানামা করছে বলে জানা গেছে।


Share: