Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬ - Chief TV

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬ - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  122 views
ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬ - Chief TV
ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে চালকসহ ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার সকালে শহরটির পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রেইও দোস বান্দেইরান্তেসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
দমকল বাহিনী জানিয়েছে, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির ডিলারশিপের পার্কিং লটে বিধ্বস্ত হয়। এর পরপরই সেখানে থাকা প্রায় ২০টি গাড়িতে প্রচণ্ড আগুন ধরে যায়।
 
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও বৈদ্যুতিক গাড়িগুলোর লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে অনবরত বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয় দমকলকর্মীদের।

দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ত্রেইরাস জানিয়েছেন, এই ধরনের ব্যাটারির আগুন অত্যন্ত তীব্র ও বিষাক্ত গ্যাস তৈরি করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। তবে এলাকাটি বেশ জনবহুল হওয়ায় হেলিকপ্টারগুলো যদি ওই পার্কিং লটে না পড়ে লোকালয়ে আছড়ে পড়তো, তবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারতো বলে ধারণা করা হচ্ছে।
 
উদ্ধারকারীরা পার্কিং লটের জ্বলন্ত বৈদ্যুতিক গাড়িগুলোর ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করে। এর থেকে প্রায় ৩২৮ ফুট দূরে বিধ্বস্ত অপর হেলিকপ্টারটি থেকে শুধু পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Share: