Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ছেলে থেকে হয়েছেন মেয়ে, এবার পেলেন পেশাদার ক্রিকেটে ফেরার অনুমতি - Chief TV

ছেলে থেকে হয়েছেন মেয়ে, এবার পেলেন পেশাদার ক্রিকেটে ফেরার অনুমতি - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  41 views
ছেলে থেকে হয়েছেন মেয়ে, এবার পেলেন পেশাদার ক্রিকেটে ফেরার অনুমতি - Chief TV

ভারতের মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার অনয়া বাঙ্গারের অস্ট্রেলিয়ায় ক্রিকেটে ফেরার পথ খুলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নীতিমালা অনুযায়ী, আপাতত দেশটির কমিউনিটি ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন তিনি। নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারলে ২০২৭ সালের মার্চ থেকে এলিট নারী ক্রিকেটেও খেলার সুযোগ পাবেন অনয়া। সে ক্ষেত্রে মেয়েদের বিগ ব্যাশ লিগেও খেলার সম্ভাবনা তৈরি হবে।

অনয়া ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। তার আগের নাম ছিল আরিয়ান বাঙ্গার। ২০২২ সালে তিনি লিঙ্গ রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন এবং চলতি বছরের মার্চে জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি করেন। এরপর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পেতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করেন তিনি।

অনয়ার চিকিৎসা-সংক্রান্ত তথ্য, অস্ত্রোপচারের নথি, হরমোন ও টেস্টোস্টেরনের মাত্রা, ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং খেলার ভিডিও পর্যালোচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্তটি নিয়েছে। এ সময় ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্পোর্টসের গবেষণা ও অ্যাথলেটিক পারফরম্যান্স-সংক্রান্ত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, নারী বিভাগে শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলতে হলে একজন খেলোয়াড়ের রক্তে সিরাম টেস্টোস্টেরনের মাত্রা টানা ১২ মাস প্রতি লিটারে ১০ ন্যানোমোলের নিচে থাকতে হয়। সিএ জানিয়েছে, অনয়ার ক্ষেত্রে এই শর্ত ২০২৭ সালের মার্চে পূরণ হবে। তখন অস্ট্রেলিয়ায় গিয়ে তাকে আবার রক্ত পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় নির্ধারিত সীমার নিচে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া গেলে এবং অন্যান্য শর্ত পূরণ হলে শীর্ষ পর্যায়ের নারী ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করবেন তিনি।

তবে তার আগেই অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্য বা অঞ্চলের প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে পারবেন অনয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, প্রিমিয়ার ক্রিকেটকে কমিউনিটি ক্রিকেটের আওতায় রাখা হয়েছে। অনয়ার সর্বশেষ রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা ছিল প্রতি লিটারে ০.৬ ন্যানোমোল।

২৫ বছর বয়সী অনয়া ক্রিকেটে ফেরার সুযোগকে জীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। কয়েক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর আবার খেলায় ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও সন্তুষ্ট অনয়া। তিনি জানিয়েছেন, বিষয়টি কোনো স্বয়ংক্রিয় বা অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় বিবেচনা করা হয়নি; বরং ন্যায্যতা, প্রতিযোগিতার স্বচ্ছতা ও মেয়েদের খেলাধুলায় অন্তর্ভুক্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি পাওয়া মানেই কোনো দলে জায়গা নিশ্চিত নয় বলেও স্পষ্ট করেছেন অনয়া। তার ভাষ্য, যোগ্যতা অর্জন ও দলে নির্বাচিত হওয়া আলাদা বিষয়। অনুশীলন, প্রতিদ্বন্দ্বিতা ও ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিতে চান তিনি।

ক্রিকেটে ফেরার এই যাত্রা অনয়ার জন্য আবেগেরও। লিঙ্গ রূপান্তরের সময় তার মনে হয়েছিল, হয়তো আর ক্রিকেটে ফিরতে পারবেন না। কয়েক বছর ধরে ফিরে আসার পথ খুঁজে অবশেষে সেই সুযোগ পাওয়াকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।


Share: