Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একা এসেছিলেন রাজ চক্রবর্তী - Chief TV

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একা এসেছিলেন রাজ চক্রবর্তী - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  19 views
দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একা এসেছিলেন রাজ চক্রবর্তী - Chief TV

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁদের অভিনীত সিনেমা ‘দেশু৭’। বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও ছবিটি ঘিরে আলোচনা থামছে না। এবার সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে দেব ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি এবং পরে দেবের হাত ধরে শুভশ্রীর প্রেক্ষাগৃহ ছাড়ার মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার আয়োজিত বিশেষ প্রদর্শনীতে দেব ও শুভশ্রীকে একই রঙের পোশাকে দেখা যায়। দুজনেই নস্যি রঙের পোশাক বেছে নিয়েছিলেন। অন্যদিকে, পরিচালক রাজ চক্রবর্তী কালো টি-শার্ট ও প্যান্ট পরে অনুষ্ঠানে আসেন। তবে রাজ ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি; তাঁরা আলাদাভাবে অনুষ্ঠানে উপস্থিত হন।

সিনেমা দেখার পর রাজ একাই প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যান। অন্যদিকে, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মঞ্চে ওঠেন দেব ও শুভশ্রী। পরে হাসি-ঠাট্টা করতে করতে দেবের হাত ধরে প্রেক্ষাগৃহ ছাড়েন শুভশ্রী। তাঁদের এই মুহূর্ত উপস্থিত দর্শকদের নজর কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন আলোচনা।

বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের মুখোমুখি হননি রাজ চক্রবর্তী। তবে দেব ও শুভশ্রী দুজনেই ছবিটি নির্মাণে রাজের সহযোগিতার কথা তুলে ধরেন। দেব বলেন, শুরু থেকেই রাজ ছবিটিকে সমর্থন করেছেন। তাঁর সহযোগিতা না থাকলে সিনেমাটি তৈরি করা কঠিন হতো।

বাংলা বাণিজ্যিক সিনেমায় রাজ চক্রবর্তীর অবদানের প্রশংসা করে দেব আরও বলেন, এ ধরনের ছবি নির্মাণে কতটা পরিশ্রম করতে হয়, তা রাজের চেয়ে ভালো আর কেউ বুঝবেন না। রাজ নিজে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখেছেন, এটিও তাঁদের কাছে বড় বিষয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, শুভশ্রী জানান, সিনেমা দেখার পর রাজের সঙ্গে তাঁর কথা হয়নি। বাসায় ফিরে ছবিটি তাঁর কেমন লেগেছে, তা জেনে নেবেন বলে জানান অভিনেত্রী।

কাজের ক্ষেত্রে নিজেদের বোঝাপড়া ও পেশাদার সম্পর্ক নিয়ে দেব ও শুভশ্রী দুজনেই ইতিবাচক অবস্থান জানিয়েছেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা বা কটাক্ষকে গুরুত্ব দিতে চান না বলেও তাঁদের বক্তব্যে উঠে এসেছে।

তবে দেব ও শুভশ্রীর সাম্প্রতিক উপস্থিতি ঘিরে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। এর আগে রাজ ও শুভশ্রীর সম্পর্কের দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। একই সঙ্গে দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রের সাম্প্রতিক উপস্থিতি নিয়েও নানা আলোচনা দেখা গেছে। যদিও এসব জল্পনার পক্ষে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। আপাতত ‘দেশু৭’ এবং ছবির প্রচার ঘিরে দেব-শুভশ্রীকে নিয়ে দর্শকদের আগ্রহ অব্যাহত রয়েছে।


Share: