Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ - Chief TV

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  44 views
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ - Chief TV

স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে নৌকাবাইচের স্থান নিয়ে বক্তব্যে তথ্যগত ভুলের বিষয়টিও স্বীকার করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দুঃখপ্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি দুঃখিত।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা প্রায় নিষিদ্ধের মতো বলে যে মন্তব্য করেছেন, তা ওই এলাকার মানুষ ও আলেম সমাজ সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। পুলিশের একটি কনসার্ট বন্ধ হওয়ার ঘটনা নিয়েও গণমাধ্যমে প্রকৃত চিত্রের ভিন্ন উপস্থাপন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, গভীর রাতে উচ্চ শব্দের কারণে একটি মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরবর্তী পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করে দেননি বলেও দাবি করেন তিনি।

নৌকাবাইচের প্রসঙ্গে তিনি স্বীকার করেন, বক্তব্য দেওয়ার সময় তথ্যগত ভুলবশত সিলেটের জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নাম উল্লেখ করেছিলেন। এ ভুলের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।

পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনের আদর্শের প্রতি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে হাসনাত বলেন, তিনি এমন একটি বাংলাদেশের পক্ষে, যেখানে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন। মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল কিংবা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন—সবকিছুর সহাবস্থান থাকবে এবং কেউ অন্যের ওপর নিজের মত চাপিয়ে দিতে পারবে না।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব হলো সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সেটি নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। জুলাইয়ের চেতনা ধারণ করে একটি সর্বজনীন ও বৈচিত্র্যকে সম্মান করা বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


Share: