Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা - Chief TV

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  34 views
মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা - Chief TV

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত তা নথিভুক্ত রাখতে জিডি করে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।

রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সেই ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে গেলে তাঁর সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডা হয়।

জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।”

তিনি আরও বলেন, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান রুমিন ফারহানা।


Share: