সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।
ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলেছেন তিনি।
শনিবার এক ভিডিওবার্তায় অভিজিৎ দিপকে অভিযোগ করেন, পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে গেছে। তার দাবি, এভাবে আন্দোলন দমন করা যাবে না।
তিনি বলেন, ওয়াংচুককে সরিয়ে নিলেই আন্দোলন থেমে যাবে—এমন ধারণা সরকারের ভুল। আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং আগামী ২০ জুলাই সংসদ ভবনমুখী পদযাত্রার পরিকল্পনাও বহাল রয়েছে।
এর আগে আন্দোলনকারীদের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ওয়াংচুককে হাসপাতাল নেওয়ার ঘটনার পর আন্দোলনের দাবিতে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও সামনে আনা হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ দিপকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন।