গোপালগঞ্জের সুকতাইল ইউনিয়নে পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তাঁরা।
সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে ঢাকঢোল ও সানাই বাজিয়ে নবাগত নেতাকর্মীরা সংসদ সদস্যের কাছে উপস্থিত হন। পরে ফুল দিয়ে বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।
এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং জনগণের প্রতি দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন।
সংসদ সদস্য বলেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে, তাঁদের কারণে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। কেউ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালালে অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং জনগণের অধিকার ও স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকার জন্য নবাগত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডা. কে এম বাবর।