ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে প্রায় ৪ লাখ রুপি মূল্যের গয়না ও নগদ অর্থসহ একটি ব্যাগ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যাগটি কোনো মানুষ নয়, একটি কুকুর মুখে করে নিয়ে গেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মন্দসৌর জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে একটি কুকুর এক নারীর গয়না ও নগদ অর্থ রাখা ব্যাগ মুখে করে নিয়ে যায়।
ব্যাগটির মালিক নাহারগড় থানার কায়ামপুর এলাকার বাসিন্দা লতাবাই বাল্মীকি। হাতের আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকা ছেলেকে দেখতে গিয়ে গয়না ও নগদ অর্থ রাখা ব্যাগটি সঙ্গে নিয়েছিলেন তিনি।
লতাবাইয়ের অভিযোগ, রোববার ও সোমবারের মধ্যবর্তী রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় ব্যাগটি নিখোঁজ হয়। এতে রুপার কোমরবন্ধনী, নূপুর, ঘুঙুর, আংটি, সোনার মঙ্গলসূত্র, দুটি সোনার আংটি, সোনার পুঁতি, কানের দুল, নাকফুল এবং প্রায় ২ হাজার রুপি নগদ ছিল। সব মিলিয়ে এসবের মূল্য প্রায় ৪ লাখ রুপি বলে ধারণা করা হয়।
ব্যাগটি খুঁজে না পেয়ে লতাবাই সিটি কোতোয়ালি থানায় অভিযোগ করেন। এরপর গয়নার মূল্য বেশি হওয়ায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। হেড কনস্টেবল অজয় সোলাঙ্কিসহ পুলিশের একটি দল হাসপাতালের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে কুকুরটির সন্ধান পায়।
ফুটেজে দেখা যায়, একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে ব্যাগটি মুখে করে নিয়ে যাচ্ছে। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে থাকা ক্যামেরার ফুটেজ অনুসরণ করে কুকুরটির গতিবিধি শনাক্ত করেন তদন্তকারীরা। একপর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণের একটি খোলা জায়গা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্যাগের ভেতরে থাকা গয়না ও নগদ অর্থ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় উদ্ধার হওয়া গয়না ও অর্থ লতাবাইয়ের কাছে হস্তান্তর করা হয়।