Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / হোটেলের বারে যুবক খুন, আটকের পর অভিযুক্তের মৃত্যু - Chief TV

হোটেলের বারে যুবক খুন, আটকের পর অভিযুক্তের মৃত্যু - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  39 views
হোটেলের বারে যুবক খুন, আটকের পর অভিযুক্তের মৃত্যু - Chief TV

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নাজিবুল হক রাশেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক মোহাম্মদ সোলাইমান (২৮) নামের আরেক যুবকও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমানের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের পর মধ্যম নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোলাইমানকে আটক করা হয়। পরে তিনি আহত থাকায় চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে সকালে তার মৃত্যু হয়। রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক হোটেলটির দোতলার বারে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। পরে এক পক্ষ বাইরে থেকে আরও কয়েকজনকে ডেকে আনে। তারা বারে প্রবেশের পর রাশেদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাশেদ ফিশারিঘাট এলাকায় ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফিশারিঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয়রা সোলাইমানকে আটক করে আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান জানান, হোটেলের বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, কীভাবে ঘটনার সূত্রপাত এবং কারা এতে জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে। আলামত সংগ্রহ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেনেসাঁ হোটেলের বারটি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঘটনার সময় বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।


Share: