Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / হঠাৎ জেন-জির মতো রিলস বানাচ্ছেন নরেন্দ্র মোদি - Chief TV

হঠাৎ জেন-জির মতো রিলস বানাচ্ছেন নরেন্দ্র মোদি - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  31 views
হঠাৎ জেন-জির মতো রিলস বানাচ্ছেন নরেন্দ্র মোদি - Chief TV

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি ভোটারদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের যোগাযোগের ধরন বদলাচ্ছেন। দীর্ঘদিনের আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত রাজনৈতিক প্রচারের বাইরে এবার ইনস্টাগ্রামে তাকে তুলনামূলক স্বচ্ছন্দ ও অনানুষ্ঠানিক ভঙ্গিতে দেখা যাচ্ছে।

সম্প্রতি মোদির ইনস্টাগ্রাম টাইমলাইনে পরিকল্পিত রাজনৈতিক পোস্টের পাশাপাশি যুক্ত হচ্ছে আরও স্বতঃস্ফূর্ত কনটেন্ট। ‘গেট রেডি উইথ মি’ ধরনের রিল, সেলফি ভিডিও এবং তরুণদের বন্ধুত্বপূর্ণ ভাষায় সম্বোধনের মতো বিষয়ও জায়গা করে নিচ্ছে সেখানে।

তরুণদের অনলাইন রাজনৈতিক সক্রিয়তার প্রভাব স্পষ্ট হওয়ার পর বিজেপিও এ বিষয়ে আরও গুরুত্ব দিচ্ছে। ককরোচ জনতা পার্টিকে ঘিরে মিম, লাইভস্ট্রিম ও ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক আন্দোলন অনলাইনভিত্তিক তরুণদের রাজনৈতিক শক্তি নতুন করে সামনে এনেছে। আন্দোলনটি পরে রাজপথেও প্রভাব ফেলে এবং এক কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কারণ হয়।

ভারতের ৬০ শতাংশের বেশি মানুষের বয়স ৩৫ বছরের নিচে। ফলে ২০২৯ সালের নির্বাচনে জেন-জি বড় একটি ভোটারগোষ্ঠী হয়ে উঠতে পারে। এ কারণেই ইনস্টাগ্রামের মতো তরুণদের জনপ্রিয় প্ল্যাটফর্মে তাদের কাছে পৌঁছানোর কৌশল নিচ্ছে বিজেপি।

তবে মোদির নতুন ধরনের ভিডিও নিয়ে তরুণদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই এসব কনটেন্টকে রাজনৈতিক বার্তার চেয়ে হাস্যরসাত্মক বা ‘ক্রিঞ্জ’ হিসেবে দেখছেন। তার একটি সেলফি ভিডিও নিয়েও সামাজিকমাধ্যমে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রূপ হয়েছে এবং সেটি নানা ধরনের সম্পাদনার মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুধু মোদির ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, বিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতেও তরুণদের আকৃষ্ট করতে মিম, স্ল্যাং ও পপ-কালচারের বিভিন্ন রেফারেন্স ব্যবহার শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিজেপির পুরোনো ডিজিটাল কৌশল মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও এক্সের মতো প্ল্যাটফর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু ইনস্টাগ্রামে কনটেন্টের সাফল্য অনেকটাই নির্ভর করে দর্শকের প্রতিক্রিয়া, শেয়ার, মন্তব্য ও ভিডিও দেখার সময়ের ওপর। ফলে দলের প্রচলিত নিয়ন্ত্রিত বার্তা এখানে সবসময় একইভাবে কার্যকর নাও হতে পারে।

তবে ইনস্টাগ্রামে জনপ্রিয়তা অর্জন আর নির্বাচনে জয় পাওয়া এক বিষয় নয়। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও নিজস্ব ভোটব্যাংক এখনো নির্বাচনী সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি। একইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তরুণদের কাছে পৌঁছাতে সেলফি ভিডিও ও ইনস্টাগ্রামভিত্তিক যোগাযোগ ব্যবহার করছেন।

বিশ্লেষকদের ধারণা, নতুন ডিজিটাল পরিবেশের নিয়ম ও দর্শকের আচরণ বুঝতে বিজেপির কিছুটা সময় লাগতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, পডকাস্ট ও ইনফ্লুয়েন্সার সাক্ষাৎকারের মতো নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যম দ্রুত গ্রহণের অভিজ্ঞতা থাকায় সময়ের সঙ্গে ইনস্টাগ্রামকেন্দ্রিক কৌশলেও পরিবর্তন আনতে পারে দলটি।


Share: