কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
পরিস্থিতি মোকাবিলা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রথম নির্দেশনায় ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পর্যটকদের সহায়তা করার কথা বলা হয়েছে।
দ্বিতীয় নির্দেশনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভার সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
তৃতীয় নির্দেশনায় ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পর্যটনকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
মন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে।