জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
বকশীগঞ্জের একটি অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলায় নাবালক আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। তাদের মধ্যে দুইজন এখনো পলাতক রয়েছেন।