Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / জমি বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত - Chief TV

জমি বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  34 views
জমি বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত - Chief TV

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে আবু তাহের মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই বজলু মিয়ার সঙ্গে আবু তাহের মিয়ার দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বজলু মিয়া তার ছোট ভাইকে ঘুষি মারেন। এতে আবু তাহের মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু তাহের মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ পুলিশের একটি দল রাতে ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: