Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / মাদক ছেড়ে মাঠে চলার বার্তায় শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ - Chief TV

মাদক ছেড়ে মাঠে চলার বার্তায় শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ - Chief TV

2026-08-16  মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  41 views
মাদক ছেড়ে মাঠে চলার বার্তায় শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ - Chief TV

‘হাতে বল, পায়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রচণ্ড গরম উপেক্ষা করে ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।

বিশিষ্ট সমাজসেবক ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরুয়া বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য মো. সানোয়ার শেখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মামুন শেখ, ইউপি সদস্য ফেরদৌস, সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা আক্তার, শাহবন্দেগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুর রহমান মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।


Share: