ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ভোটাভুটিতে লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পাঁচটি ব্যালন ডি’অর জয়ের মৌসুমের মধ্যে ২০০৮ সালের পারফরম্যান্সকে সেরা হিসেবে বেছে নিয়েছেন ফুটবলভক্তরা।
এ উপলক্ষে উয়েফা ও ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী যৌথভাবে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ নামের এই বিশেষ আয়োজন করে। ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের সেরা মৌসুম নির্ধারণে গত ১ অক্টোবর থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রতি ভোটের জন্য এক ইউরো খরচ করে ভক্তরা একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। গত মঙ্গলবার রাতে ভোট গ্রহণ শেষ হয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, ভোটে ৪৪৬ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছেন রোনালদো। অন্যদিকে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ২৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান।
২০০৭–০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেন তিনি। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ তারকা।
অন্যদিকে মেসির ২০১১–১২ মৌসুমও ছিল রেকর্ডে ভরা। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। এক পঞ্জিকাবর্ষে ৮৫ গোলের গার্ড মুলারের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন তিনি। বার্সেলোনার হয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপও জেতেন মেসি। পরে ২০১২ সালে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর অর্জন করেন তিনি।
এই ভোটাভুটিতে একাধিকবার ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তিকে বিবেচনায় রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন আটবারের বিজয়ী মেসি, পাঁচবারের বিজয়ী রোনালদো, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেড ডি স্টেফানো।
আয়োজকেরা জানিয়েছেন, এই বিশেষ স্বীকৃতির জন্য বিজয়ীকে আলাদা কোনো ট্রফি দেওয়া হবে না। ভোটের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইট জালিয়াতির অভিযোগ নাকচ করে জানায়, সীমিতসংখ্যক ব্যবহারকারী একাধিকবার ভোট দিয়েছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ হাজার ৯ জন ব্যবহারকারী একাধিক ভোট দেন। তাঁদের মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬টি, ৩০০ জন ৫ থেকে ৯টি এবং ৪ হাজার ৬৬৫ জন ২ থেকে ৪টি ভোট দিয়েছেন।