সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়ে টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদে দক্ষতা প্রদর্শন করেন তিনি। এ শাখায় প্রতিযোগীদের ১৫ পারা কোরআন হিফজ, তিলাওয়াতের শুদ্ধতা ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ। তার এই সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষারও উজ্জ্বল পরিচিতি তৈরি হয়েছে।
প্রতিযোগিতা চলাকালে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন।
পবিত্র কোরআন বুকে ধারণ করে মক্কার পবিত্র ভূমিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা উঁচু করেছেন হাফেজ জাকারিয়া। তার এই অর্জন দেশের কোরআন শিক্ষা ও মাদরাসা অঙ্গনে নতুন অনুপ্রেরণা ও গৌরবের বার্তা হয়ে এসেছে।