রাজধানীর মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র্যাব। গ্যাংয়ের গডফাদারদের গ্রেপ্তার করায় আগের তুলনায় এলাকার পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান। মোহাম্মদপুরের কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর কেরানীগঞ্জের কোলচর এলাকা থেকে হৃদয়, সোহেল, সুজন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। পরে রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে এলেক্স ইমন হত্যা মামলার সাত নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংস্থাটি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের দাবি, গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিপুলসহ তার সহযোগীদের আসামি করা হয়েছে।