ভারতের কর্নাটকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা। মান্ডিয়া অঞ্চলের নূর নামের ওই নারী দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন এবং একাই বসবাস করতেন।
গত ১৯ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নূর। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তার শেষকৃত্য সম্পন্ন করেন। এরপর বাড়িতে থাকা জিনিসপত্র খুঁজতে গিয়ে একটি ব্যাগে বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ভিক্ষা করে পাওয়া অর্থের একটি অংশ তিনি ওই ব্যাগে জমিয়ে রাখতেন বলে জানা গেছে।
মুদ্রাগুলো গণনার পাশাপাশি নূরের ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের হিসাব করা হয়। সব মিলিয়ে তার সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
মান্ডিয়ার ইস্ট থানার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লায় একাই থাকতেন নূর। দীর্ঘদিন ভিক্ষা করে পাওয়া সামান্য অর্থ জমিয়ে এত বড় অঙ্কের সঞ্চয় গড়ে তোলার বিষয়টি স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নূরের মৃত্যু স্বাভাবিক হওয়ায় এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।