ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর তার বাবা নুরুল হক হামলে পড়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে নুরুল হক স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।