Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা - Chief TV

নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  32 views
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা - Chief TV

নেপাল ও তিব্বতের হিমালয় সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এবার নতুন করে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তের একটি নদীর উজানে এখনো পানি আটকে থাকায় সেখানে তৈরি হওয়া বাধা হঠাৎ ভেঙে গেলে দ্বিতীয় দফায় ভয়াবহ পানির ঢল নামতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক শ মানুষ। নিখোঁজদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিকসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক পর্যটক রয়েছেন।

চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীরে বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসাবশেষ নদীতে পড়ে যাওয়ার পর প্রবল পানির ঢল তৈরি হয়। সেই ঢল নেপালের ভোতে কোসি ও ত্রিশূলী নদীর পথে থাকা গ্রাম ও শহরগুলোতে আঘাত হানে। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নেপালে উদ্ধার অভিযানে আকাশপথের ভিডিওতে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। কোথাও পুরো গ্রাম কাদায় ঢেকে গেছে, কোথাও ঘরবাড়ির কোনো অস্তিত্বই নেই। প্রবল স্রোতে সড়ক, সেতু ও ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক ভবনের নিচের তলা পুরু কাদা ও পলির নিচে চাপা পড়েছে।

নেপালের সেনাবাহিনী বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছে। এরই মধ্যে বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নদীর কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা কাদা ও পলির মধ্যে নেমে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন।

নেপালের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ১৬২ জন নিহত এবং ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৪২ জন ভারতের নাগরিক। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।

তিব্বতের গিরং এলাকাতেও বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানে একটি বড় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল কাদা ও ধ্বংসাবশেষ কয়েকতলা একটি ভবনকে মুহূর্তের মধ্যে ঢেকে ফেলছে। একই সঙ্গে পানির প্রবল স্রোতে বাস ও গাড়ি ভেসে যেতে দেখা গেছে।

এদিকে ভারতের উত্তর প্রদেশ ও বিহারের কয়েকটি জেলাতেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী নদীগুলো দিয়ে অতিরিক্ত পানি প্রবেশের আশঙ্কায় স্থানীয় প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।

দুর্যোগের পর দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা আরও উদ্বেগ বাড়িয়েছে। কাঠমান্ডুভিত্তিক ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টবিষয়ক আন্তর্জাতিক কেন্দ্রের জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিভাগের প্রধান চিয়াংগং ঝাং এএফপিকে জানিয়েছেন, নেপাল-চীন সীমান্তের একটি নদীর উজানে এখনো একটি বাধা আটকে আছে। সেটি ভেঙে গেলে দ্বিতীয় দফায় বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির নেপাল প্রধান ডেভিড ফিশার দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে জানিয়েছেন, পুরো গ্রাম ও বাজার এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় বর্ষাকালে বন্যা ও ভূমিধস নতুন ঘটনা নয়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে এবং এসব দুর্যোগের তীব্রতাও বাড়ছে। ফলে প্রথম দফার বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় দফার পানির ঢলের আশঙ্কা নেপালের সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

 


Share: