যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ২২ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তার গাড়ি থেকে গাঁজা, একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র পরিবর্তনের সন্দেহভাজন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ক্যাটলিন ম্যাক্সওয়েল ২০১৭ সালের একটি ডজ চ্যালেঞ্জার গাড়ি চালাচ্ছিলেন। অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার পায়ের কাছে একটি গ্লক পিস্তল এবং যাত্রীর আসনের পাশে আরেকটি গ্লক পিস্তল উদ্ধার করা হয়।
পরে গাড়ির ডিকি থেকে আরও একটি গ্লক পিস্তল এবং দুটি এআর-১৫ রাইফেল উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একটি রাইফেলে এমন একটি ‘সুইচ’ লাগানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে, যা অস্ত্রটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে।
এ ঘটনায় ক্যাটলিন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় অস্বীকৃতি, আগ্নেয়াস্ত্র বহন অবস্থায় মোটরযানে গাঁজা রাখা, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট ব্যবহার না করার অভিযোগ আনা হয়েছে। পরে তার বিরুদ্ধে পরিবর্তিত আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যুক্ত করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল দাবি করেন, তার ২৪ বছর বয়সী প্রেমিক শন কুলি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে অস্ত্রে ব্যবহৃত ‘ফোর্সড রিসেট ট্রিগার’ বা সুইচ তৈরি করতেন।