Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ক্যাম্পাস / নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাতের থালায় মিলল সিদ্ধ টিকটিকি - Chief TV

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাতের থালায় মিলল সিদ্ধ টিকটিকি - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  24 views
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাতের থালায় মিলল সিদ্ধ টিকটিকি - Chief TV

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থীর প্লেটে টিকটিকির দেহাবশেষ পাওয়া যায়। এ ঘটনায় হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ছবি প্রকাশ করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। তাঁর ভাষ্য অনুযায়ী, দুপুরে খাবার খাওয়ার সময় প্রায় অর্ধেক প্লেট ভাত খাওয়ার পর তিনি ভাতের মধ্যে সিদ্ধ টিকটিকির দেহাবশেষ দেখতে পান। পরে বিষয়টি ডাইনিং পরিচালককে জানালে তাঁকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাবারের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক আল আমিন বলেন, সিলিং থেকে টিকটিকিটি ভাতের পাতিলে পড়ে থাকতে পারে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় এটি ভাতের মধ্যে পড়ে যায় বলে তাঁর ধারণা। বিষয়টি কেউ খেয়াল করেননি। অভিযোগ পাওয়ার পরপরই তাঁরা সব ভাত ফেলে দিয়েছেন বলে জানান তিনি।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ায় ঘটনাটি ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

প্রভোস্ট আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে। যে গামলায় টিকটিকিটি পাওয়া গেছে, সেই গামলার বাকি ভাতও আর পরিবেশন করা হয়নি।


Share: