Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি, ভাইরাল ভিডিও

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি, ভাইরাল ভিডিও

2026-09-05  ডেস্ক রিপোর্ট  3 views
নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি, ভাইরাল ভিডিও

নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় মধ্যরাতে নৌ পুলিশের এক কর্মকর্তার অসংলগ্ন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠলেও, বিষয়টি নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) নৌ পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, অভিযুক্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ নৌ পুলিশের এএসআই আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বন্দর ঘাট এলাকায় এএসআই আব্দুল মান্নানকে নিয়ন্ত্রণহীন আচরণ করতে দেখা যায়। এ সময় তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ করে চিৎকার-চেঁচামেচি করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে থাকা কয়েকজন তার আচরণের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ব্যক্তিকে অসংলগ্নভাবে কথা বলতে এবং নিজেকে পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

নৌ পুলিশের সদর থানার ওসি রফিকুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী সঙ্গে বাগবিতণ্ডার পর এএসআই আব্দুল মান্নান এমন আচরণ করেন। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে এএসআই আব্দুল মান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Share: