Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / নরখাদক গ্রেপ্তার, ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগ - Chief TV

নরখাদক গ্রেপ্তার, ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগ - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  31 views
নরখাদক গ্রেপ্তার, ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগ - Chief TV

উগান্ডায় গত ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খাওয়ার অভিযোগে মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উগান্ডার সামরিক প্রধান জেনারেল কাইনেরুগাবা এ তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেনারেল কাইনেরুগাবা অভিযুক্তকে উগান্ডার ইতিহাসের অন্যতম ভয়ংকর ধারাবাহিক হত্যাকারী ও নরখাদক হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তাঁর প্রকাশ্যে বিচারের ঘোষণা দেন তিনি।

স্থানীয় তদন্তকারীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মোসেসের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ধারাবাহিক হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, তিনি কখনো পুরো পরিবারকে লক্ষ্যবস্তু করতেন। অভিযোগ অনুযায়ী, মানুষের বাড়িতে প্রবেশ করে চাপাতি দিয়ে হামলা চালাতেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে একটি ঘটনায় পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে হামলার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁর সহযোগীরা বাড়ির ভেতরে থাকা সবাইকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলুব্ধ করে হত্যার অভিযোগও রয়েছে মোসেসের বিরুদ্ধে। অতীতে তাঁকে কয়েকবার আটক করা হলেও বিভিন্ন পরিস্থিতিতে তিনি মুক্তি পান বা পালিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর অভিযুক্তের বাড়ি থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ওই অঞ্চলে অমীমাংসিত নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোর নথি পর্যালোচনা করছেন তদন্তকারীরা। এসব ঘটনার সঙ্গে মোসেসের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনো বাকি। তদন্তের অগ্রগতি ও বিচারপ্রক্রিয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


Share: