Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই - Chief TV

দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  28 views
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই - Chief TV

চট্টগ্রামের রাউজানে অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে শামসুন নাহার নামে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর মোবাইল ফোন, অটোরিকশাচালকের মোবাইল ফোন ও গাড়ির চাবিও নিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজচন্দ্র পাড়ার ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়ার বাসিন্দা শামসুন নাহার জমি রেজিস্ট্রি করতে নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে রাউজান সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে। অভিযোগ অনুযায়ী, তিনটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁরা শামসুন নাহারের ব্যাগে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে তাঁর মোবাইল ফোন, অটোরিকশাচালকের মোবাইল ফোন এবং গাড়ির চাবিও নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর কয়েক মিনিট আগেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের বেলায় এমন ঘটনা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভুক্তভোগী শামসুন নাহার জানান, তাঁর কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। এর মধ্যে ২৫ লাখ টাকা ছিল একটি ব্যাগে, আর বাকি ২ লাখ টাকা ও জমির কাগজপত্র ছিল অন্য একটি ব্যাগে। ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে যায়। তিনি এ ঘটনায় রাউজান থানায় লিখিত অভিযোগ করেছেন।

শামসুন নাহারের ছেলে মো. আরিফ বলেন, পৌর সদরের চারাবটতলা এলাকায় সাড়ে ৩২ লাখ টাকায় একটি জমি কেনার জন্য আগে থেকেই ৫ লাখ টাকা বায়না দেওয়া হয়েছিল। বাকি ২৭ লাখ টাকা নিয়ে তাঁর মা ও দলিল লেখক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। তিনি প্রশাসনের কাছে টাকা উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Share: