ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন এবং মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন। প্রায় ১৫ দিন আগে বাড়িতে গিয়ে দুই দিন অবস্থান করে আবার ঢাকায় ফিরে যান।
সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুৎ না থাকার বিষয়টি বুঝতে পারেন তিনি। পরে বাইরে গিয়ে দেখেন, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে। এরপর ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। এ ছাড়া বাড়ির বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে।
ফজলুর রহমান বাবু জানান, খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, শুধু তাঁর বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।