বগুড়ার শেরপুর উপজেলার ৪ নম্বর খানপুর ইউনিয়নের শালফা এস আর চৌধুরী দাখিল মাদ্রাসার খেলার মাঠে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও মাদ্রাসায় আসা অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ছে, তৈরি হয়েছে ডেঙ্গু আতঙ্কও।
জলাবদ্ধতার কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে যেতে পারছে না। মাদ্রাসা শিক্ষকদের ভাষ্য, পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো মাঠ বৃষ্টির পানিতে ডুবে যায়।
সরেজমিনে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠের বিভিন্ন অংশে পানি জমে রয়েছে। স্থানীয়রা জানান, শুধু বর্ষাকালেই নয়, বছরের যেকোনো সময়ে সামান্য বৃষ্টি হলেই মাঠটি পানিতে ভরে যায়। ফলে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার যুবকদের খেলাধুলার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বগুড়া-৪ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের কাছে দ্রুত মাঠটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, মাঠটি সংস্কার করা হলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার যুবসমাজও খেলাধুলার সুযোগ পাবে এবং এতে তারা মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
স্থানীয়দের দাবি, মাঠে স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কার করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।a