Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / শিশুকে নিপীড়নের অভিযোগ, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর - Chief TV

শিশুকে নিপীড়নের অভিযোগ, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  35 views
শিশুকে নিপীড়নের অভিযোগ, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর - Chief TV

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর সোমবার টঙ্গীর ওই মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার কাছে ঘটনার কথা জানায়।

এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার তদন্তে পুলিশ মাদরাসা পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। তবে তদন্ত এখনো চলমান রয়েছে।


Share: