Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / 'ট্রাম্প ট্যাবলেট' সেবনকারীদের সতর্ক করে রেড অ্যালার্ট - Chief TV

'ট্রাম্প ট্যাবলেট' সেবনকারীদের সতর্ক করে রেড অ্যালার্ট - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  35 views
'ট্রাম্প ট্যাবলেট' সেবনকারীদের সতর্ক করে রেড অ্যালার্ট - Chief TV

নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখাবয়বের আদলে তৈরি এক ধরনের এক্সট্যাসি ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির মাদক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবস ইনস্টিটিউট। পরীক্ষায় এসব বড়িতে অত্যন্ত উচ্চমাত্রায় পিএমএমএ (PMMA) রাসায়নিক পাওয়া যাওয়ায় এগুলোকে সম্ভাব্য প্রাণঘাতী হিসেবে সতর্ক করা হয়েছে।

ট্রিমবস ইনস্টিটিউট জানিয়েছে, আগস্টে নেদারল্যান্ডসের কয়েকটি মাদক পরীক্ষাকেন্দ্রে এ ধরনের ট্যাবলেট জমা পড়ার পর পরীক্ষা করা হয়। পরীক্ষায় বিপজ্জনক মাত্রায় পিএমএমএ শনাক্ত হয়। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কোনো অবস্থাতেই এসব বড়ি সেবন না করার পরামর্শ দিয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্যাবলেটের এক পাশে ট্রাম্পের মুখাবয়ব খোদাই করা রয়েছে। অন্য পাশে ভাঙার দাগের ওপরে ‘NL’ এবং নিচে ‘Trump’ লেখা। হলুদ-নীল এবং লাল-সবুজ রঙের দুটি ট্যাবলেটের ছবিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

পিএমএমএ রাসায়নিকটির প্রভাব এক্সট্যাসির সক্রিয় উপাদান এমডিএমএর মতো হলেও এর কার্যকারিতা তুলনামূলক দেরিতে শুরু হতে পারে। ফলে কেউ ট্যাবলেটটি কাজ করছে না মনে করে অতিরিক্ত বড়ি গ্রহণ করতে পারেন, যা অতিরিক্ত মাত্রায় সেবনের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্রিমবস ইনস্টিটিউটের মতে, এসব ট্যাবলেট গ্রহণের কয়েক ঘণ্টা পর বমিভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় শরীরের তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়ে প্রাণহানিও ঘটতে পারে।

তবে এখন পর্যন্ত এসব ট্যাবলেট সেবনের সঙ্গে কোনো মৃত্যু বা গুরুতর অসুস্থতার ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যানিক গ্রুথুইস।

নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও সেবন বেআইনি হলেও পার্টিতে ব্যবহৃত মাদক হিসেবে এটি দেশটিতে এখনো জনপ্রিয়। ট্রাম্পের মুখাবয়বের আদলে এক্সট্যাসি তৈরির ঘটনাও নতুন নয়। এর আগে ২০১৭ সালে জার্মান পুলিশ একই ধরনের প্রায় ৫ হাজার ট্যাবলেট জব্দ করেছিল।


Share: