পোল্যান্ডের গডানস্ক শহরে একটি রেলক্রসিংয়ে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। তবে দুর্ঘটনার ভয়াবহতা সত্ত্বেও ট্রাকচালক ও ট্রেনের সব যাত্রী অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
গডানস্ক লিপসে স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ব্যারিকেড নেমে গেলে মালবাহী ট্রাকটি লাইনের ওপর আটকা পড়ে। ট্রাকটি সরিয়ে নেওয়ার আগেই দ্রুতগতিতে একটি যাত্রীবাহী ট্রেন সেখানে পৌঁছে ট্রেইলারে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় ট্রাকের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রেইলারটি ছিটকে পড়ে। দুর্ঘটনার ঠিক আগে ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও সময়মতো ট্রেন থামানো সম্ভব হয়নি। প্রচণ্ড ধাক্কায় লোকোমোটিভ মাস্টার গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ট্রেনের পেছনের বগিগুলো লাইনে থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের কোনো যাত্রীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ট্রাকের কেবিন সংঘর্ষস্থলের বাইরে থাকায় চালকও প্রাণে রক্ষা পান।
দুর্ঘটনার পর প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যারিকেড নেমে যাওয়ার পর ট্রাকচালক গাড়িটি রেললাইন থেকে সরানোর চেষ্টা করছিলেন। তিনি ট্রাকটি সামনে-পেছনে সরানোর চেষ্টা করলেও ততক্ষণে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসে এবং মুহূর্তের মধ্যেই ঘটে সংঘর্ষ।
ঘটনার পর পোল্যান্ডের রেল কর্তৃপক্ষ রেলক্রসিংয়ে আটকে পড়া যানবাহনের চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ব্যারিকেড ও সিগন্যালিং ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।