Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ভারতে ৮ মাসের শিশুকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার - Chief TV

ভারতে ৮ মাসের শিশুকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  28 views
ভারতে ৮ মাসের শিশুকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার - Chief TV

ভারতের কেরালায় আট মাস বয়সী এক শিশুকে কান্নার কারণে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মাকেও অভিযুক্ত করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর বুধবার (২১ অক্টোবর) শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১২ আগস্ট কেরালার পাথানামথিট্টা জেলার ভালাঞ্জাভাট্টম এলাকার একটি ঘাসে ঢাকা জলাভূমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানটি পুলিকীঝ থানার আওতাধীন।

এ ঘটনায় শিবন, তাঁর ভাই শক্তি ও শিশুটির মা মঞ্জুকে অভিযুক্ত করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে স্বামী ইসাক্কির সঙ্গে বিরোধের জেরে শিশুটিকে নিয়ে বাড়ি ছাড়েন মঞ্জু। পরে তিনি আলাপ্পুঝার কালারকোড এলাকায় একটি দোকানে বসে থাকার সময় শিবনের সঙ্গে তাঁর পরিচয় হয়। শিবন মঞ্জু ও তাঁর শিশুর দেখাশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। এরপর শিশুটিকে নিয়ে শিবনের সঙ্গে চাঙ্গানাশেরিতে যান মঞ্জু। সেখানে তাঁরা একটি দোকানের বারান্দায় রাত কাটাতেন।

পুলিশের অভিযোগ, ২০২৩ সালের আগস্টের এক রাতে ঘুমের মধ্যে শিশুটি কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে শিবন তার গলা চেপে ধরেন। এতে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মরদেহ সরিয়ে ফেলতে শিবন ও মঞ্জু তাঁর ছোট ভাই শক্তির সহায়তা নেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির মৃত্যুর বিষয়টি সম্প্রতি সামনে আসে। পুলিশ জানায়, মঞ্জু পালাক্কাডে তাঁর বসতিতে ফিরে গেলেও সঙ্গে শিশুটি ছিল না। এ বিষয়ে বসতির দায়িত্বে থাকা ব্যক্তি জানতে চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ। পরে ওই ব্যক্তি পুলিশকে বিষয়টি জানান।

এরপর মঞ্জুকে জিজ্ঞাসাবাদ করে শিশুটির মৃত্যুর বিষয়ে তথ্য পায় পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মঞ্জু।

মামলায় মঞ্জুকে তৃতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়। অন্যদিকে, শিবন ও শক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


Share: