ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নবরাত্রি উপলক্ষে মন্দিরে জড়ো হওয়া ভক্তদের ওপর নিয়ন্ত্রণ হারানো ধানবোঝাই ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। এ সময় ছিনোরের দিক থেকে আসা ধানবোঝাই ট্রাকটি ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ভক্তদের ওপর উঠে যায়। একপর্যায়ে সেটি মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীরেও ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে ওই সড়কে প্রবেশ করল এবং পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট অতিক্রম করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।