যশোরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক গতিবিধির কারণে ওসমান গনিকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে বিশেষভাবে লুকানো ৩৫০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে স্বর্ণের চালান সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা স্বর্ণ, মোবাইল ও নগদ অর্থের মোট সিজারমূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা। এর মধ্যে দুইটি স্বর্ণের বারের মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।