যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
বুধবার (১৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৫৭টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ১৫ কেজি ফুসকা ও ৮০০ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযানের সময় এসব পণ্যের সঙ্গে কাউকে আটক করা হয়েছে কি না, তা জানায়নি বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের নিরাপত্তা রক্ষা ও সীমান্তে চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।