যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার কাজে বিমানটি ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এপি জানায়, বেসরকারি চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত দ্বিমুখী ইঞ্জিনের ‘সেসনা ৪৪১’ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছিল। এতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন।
বিমানটি অ্যাঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার সেন্টারে অবতরণের চেষ্টা করছিল। এ সময় রানওয়ের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা আটজনের সবাই নিহত হন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস। তিনি বলেন, প্রতিকূল এলাকায় দায়িত্ব পালনরত কর্মীদের হারিয়ে তারা শোকাহত। নিহতদের পরিবারের পাশে থাকা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার।
কেপ নিউয়েনহ্যাম রাডার স্টেশনটি প্যাসিফিক এয়ার ফোর্সের অধীনে পরিচালিত সামরিক নজরদারি নেটওয়ার্কের অংশ। দূরবর্তী সীমান্ত এলাকা ও আকাশপথের নিরাপত্তা পর্যবেক্ষণে এটি ব্যবহৃত হয়।
বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।