গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা হাজী মজনু সরকার (৪৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে মজনু সরকার সীমান্ত এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করার পর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।