Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / বিশ্ববিদ্যালয় দিবসে জবি ক্যাম্পাস মাতাবেন জেমস - Chief TV

বিশ্ববিদ্যালয় দিবসে জবি ক্যাম্পাস মাতাবেন জেমস - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  27 views
বিশ্ববিদ্যালয় দিবসে জবি ক্যাম্পাস মাতাবেন জেমস - Chief TV

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের উৎসবের সাংস্কৃতিক আয়োজনের শেষ পর্বে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস। আগামী ২ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

কর্মসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। পরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী এবং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন অংশ নেবে।

দিনব্যাপী আয়োজনের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন নগরবাউল জেমস। তার পরিবেশনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নির্বিঘ্ন করতে আগামী ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


Share: