Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ১৫ বছর বয়স থেকেই সম্পর্কে আছেন জাহ্নবি ও শিখর - Chief TV

১৫ বছর বয়স থেকেই সম্পর্কে আছেন জাহ্নবি ও শিখর - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  21 views
১৫ বছর বয়স থেকেই সম্পর্কে আছেন জাহ্নবি ও শিখর - Chief TV

মা শ্রীদেবীকে হারানোর শোক আজও অভিনেত্রী জাহ্নবি কাপুরের জীবনের অন্যতম বেদনাদায়ক অধ্যায়। সেই কঠিন সময়ে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও তার পাশে দাঁড়িয়েছিলেন প্রেমিক শিখর পাহাড়িয়া। জাহ্নবির দুঃসময়ে পাশে থাকার জন্য পড়াশোনার মাঝেই লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরে এসেছিলেন তিনি। করণ জোহরের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আসন্ন পর্বে সেই স্মৃতিই তুলে ধরবেন অভিনেত্রী।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে বাথটবে দুর্ঘটনাজনিত কারণে মারা যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্রজগতে। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন জাহ্নবি ও তার বোন খুশি কাপুর। সেই সময়ে শিখর যেভাবে জাহ্নবির পাশে ছিলেন, তা আজও অভিনেত্রীর কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানের আসন্ন পর্বে এ প্রসঙ্গ তুলবেন উপস্থাপক করণ জোহর। জাহ্নবি জানান, শ্রীদেবীর মৃত্যুর সময় শিখর লন্ডনে পড়াশোনা করছিলেন। কিন্তু তার পাশে থাকার জন্য মাঝ সেমিস্টারেই পড়াশোনায় বিরতি দিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন শিখর। পরে জাহ্নবি জানতে পারেন, প্রায় এক মাস জুহুতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি, যাতে প্রয়োজন হলে জাহ্নবির পাশে থাকতে পারেন।

জাহ্নবির ভাষ্য অনুযায়ী, প্রতিদিন তাদের দেখা হতো না। তবে শিখর চেয়েছিলেন, কোনো সময় জাহ্নবির তাকে প্রয়োজন হলে যেন তিনি কাছাকাছি থাকতে পারেন। সম্পর্কের আনুষ্ঠানিক পরিচয়ের বাইরেও শিখরের এই অবস্থান জাহ্নবির কাছে গভীর অর্থ বহন করে।

শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে এর আগেও কথা বলেছেন জাহ্নবি। চলতি বছরের এপ্রিলে রাজ শামানির পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, শিখরের উপস্থিতি তাকে মানসিক নিরাপত্তা দেয়। তার মতে, ভালোবাসা তাকে নিজের ভাবনার ওপর আস্থা রাখতে, মতামত প্রকাশ করতে এবং দুর্বল মুহূর্তেও স্বচ্ছন্দ থাকতে সাহায্য করেছে।

এর আগে মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবি জানান, ১৫-১৬ বছর বয়স থেকেই শিখর তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সময়ের সঙ্গে তারা একে অপরের নির্ভরতার জায়গা হয়ে উঠেছেন বলেও জানান অভিনেত্রী।

‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আসন্ন পর্বে জাহ্নবির সঙ্গে দেখা যাবে অভিনেতা বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকেও। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ডিজনি প্লাস হটস্টারে পর্বটি প্রচারের কথা রয়েছে।


Share: