Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে - Chief TV

পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  34 views
পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে - Chief TV

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ, তা খোলামেলাভাবে জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার মতে, জীবনসঙ্গীকে ভালো মানুষ হতে হবে, নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং কোনোভাবেই অন্যের ওপর দোষ চাপানো যাবে না। তবে এসব গুণের পাশাপাশি রান্না জানলে বাড়তি সুবিধা বলেও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন সাই পল্লবী। তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ, তা জানতে চাইলে নিজের ভাবনার কথা তুলে ধরেন অভিনেত্রী।

সাই পল্লবী জানান, তার চাহিদার তালিকা খুব বেশি বড় নয়। জীবনসঙ্গীকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আত্মকেন্দ্রিকতা থেকে দূরে থাকতে হবে। নিজের কাজ ও আচরণ নিয়ে চিন্তা করার মানসিকতা থাকতে হবে এবং জীবনে নিজের অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে। ভুল করলে তা স্বীকার করে সংশোধনের চেষ্টাও করতে হবে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। আর এসব গুণের সঙ্গে রান্না জানা থাকলে সেটি হবে বাড়তি প্রাপ্তি।

অনুষ্ঠানে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করার পর অভিনয়জগতে আসার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সাই পল্লবী। কীভাবে অভিনয়ের পথে এলেন, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঈশ্বরই যেন তার ভাগ্যে অভিনয় লিখে রেখেছিলেন। অভিনেত্রীর এমন উত্তরে বিস্ময় প্রকাশ করেন অমিতাভ বচ্চন। পরে রণবীর কাপুর মজা করে বলেন, ঈশ্বরের ব্যবস্থাপত্রেই নাকি লেখা ছিল, সাই পল্লবীকে অভিনয় করতে হবে। তার এ মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।

এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের ভাবনা ও অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সাই পল্লবীর ভাষ্য, সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি ভাবেন, নিজের অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে কী দিতে পারবেন। কিন্তু সীতার চরিত্রের ক্ষেত্রে তার ভাবনা ছিল ভিন্ন। এবার চরিত্রটি থেকে তিনি কী শিখতে পারবেন এবং কী জ্ঞান অর্জন করতে পারবেন, সেটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে এবং অতিরিক্ত বিশ্লেষণ এড়িয়ে চলতে চেয়েছেন তিনি। সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলেন বলেও জানান অভিনেত্রী।

‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলিতে।


Share: