Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ৫ টাকায় পূজার বাজার পেল দুই শতাধিক পরিবার - Chief TV

৫ টাকায় পূজার বাজার পেল দুই শতাধিক পরিবার - Chief TV

2026-10-22  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  34 views
৫ টাকায় পূজার বাজার পেল দুই শতাধিক পরিবার - Chief TV

দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ঠাকুরগাঁওয়ে মাত্র পাঁচ টাকায় পাঁচ ধরনের পণ্য বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। সংগঠনটির এ উদ্যোগে দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের হিন্দু পরিবার পেয়েছে পূজার প্রয়োজনীয় সামগ্রী।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি পরিবারকে একটি করে টোকেন দেওয়া হয়। এর বিপরীতে পাঁচ টাকা দিয়ে তারা সংগ্রহ করে পোলাওয়ের চাল, চিনি, ভোজ্যতেল, নারকেল ও একটি মুরগি।

উপকারভোগীদের একজন রমেশ জানান, মাত্র পাঁচ টাকায় এতগুলো প্রয়োজনীয় পণ্য পাবেন, তা তিনি ভাবেননি। এ সহায়তা তাঁর পরিবারের পূজার আয়োজন সহজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহায় সংগঠনের উপদেষ্টা মো. কাজল রহমান, সাধারণ সম্পাদক মো. সাগর, সায়মুনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিরা।

উপদেষ্টা মো. কাজল রহমান বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক পরিবার পূজার প্রয়োজনীয় কেনাকাটা করতে পারে না। তাদের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য। এ ধরনের মানবিক কাজে সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাগর জানান, পাঁচ টাকার বিনিময়ে পাঁচ ধরনের পণ্য বিতরণ তাদের নিয়মিত কর্মসূচির অংশ। বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


Share: